![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ‘হাদিস’ আখ্যা দেওয়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে দায়িত্ব থেকে সরানো হয়েছে।
মঙ্গলবার রাতে এক প্রজ্ঞাপনে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার কথা বলা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে ডিটিসিএর নির্বাহী পরিচালকের দায়িত্বে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে মসিউর রহমানকে সরানোর কারণ উল্লেখ করা হয়নি। তবে গত রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন তিনি।
‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “…করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।”
তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর দুদিনের মাথায় তাঁকে দায়িত্ব থেকে সরানো হলো।