![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
পবিত্র নগরী মক্কা, জেদ্দা ও তাইফে সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতা জারির কিছুক্ষণ পরই তা প্রত্যাহার করেছে সৌদি সরকার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সৌদি সিভিল ডিফেন্সের বরাতে বার্তাসংস্থা এএফপি জানায়, সাম্প্রতিক সময়ে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা বাড়ার কারণে এ সতর্কতা জারি করা হয়। তবে কিছুক্ষণ পরই তা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এই প্রথম মক্কায় এমন সতর্কতা জারি করা হয়।
এর আগে দেশটির ছয়টি অঞ্চলেও অল্প সময়ের জন্য বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছিল।
রিয়াদ-নেতৃত্বাধীন জোট জানিয়েছে, গতকাল সোমবার ইয়েমেন থেকে সৌদির খামিস মুশাইত, আবহা ও তাইফে ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুতিরা। এতে ১৩ জন আহত হয়েছেন।
হুতিদের দাবি, এর জবাবে ৫০টির বেশি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।
এ পরিস্থিতিতে সৌদি আরব আজ হুঁশিয়ারি দিয়েছে, হামলা ঠেকাতে প্রয়োজনীয় সব ধরনের সামরিক পদক্ষেপ নেবে তারা।
এএফপি জানায়, চলতি বছর জুলাইয়ে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে ইয়েমেনের হুতিদের আবারো লড়াই শুরু হয়। হুতিরা রিয়াদের বিরুদ্ধে সমুদ্র অবরোধ ঘোষণা করে এবং লোহিত সাগরে সৌদি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে। গত সপ্তাহে লোহিত সাগর উপকূল ও বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নেয় হুতিরা।