সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সুলিভান পরিবার জুড়েই বাংলাদেশ

ডেইলি সিলেট ডেস্ক ::

মেজর লিগ সকারের ১৬ বছরের কাভান সুলিভান একের পর এক গোল আর অ্যাসিস্টে মুগ্ধ করছেন দর্শকদের। উঠতি এ তারকার হৃদয় গহীনে একখণ্ড বাংলাদেশ—পরিবারের সদস্যদের গল্প-আড্ডা জুড়ে থাকে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের এই বিস্ময় বালকের হৃদয়ের এক কোণে লুকিয়ে থাকা এক টুকরো বাংলাদেশের প্রসঙ্গ খোলাসা করল সংবাদমাধ্যম। এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে ছুঁয়ে গেল সাত সমুদ্র তেরো নদীর ওপারে।

টানা চার ম্যাচে জ্বলে ওঠা এই বিস্ময়বালকের কাছে যখন জানতে চাওয়া হলো বাংলাদেশি সমর্থকদের অকৃত্রিম ভালোবাসার কথা, তখন কাভানের কণ্ঠে ঝরে পড়ল এক অদ্ভুত আন্তরিকতা—‘এই ভালোবাসা নতুন কিছু নয়, বহুদিন ধরেই এটি অনুভব করে আসছি। পরিবার হিসেবে বাংলাদেশের প্রতি টান সত্যিকার অর্থেই গভীর।’ এই কথাগুলো নিছক সৌজন্যতার নয়—এর পেছনে আছে রক্তের বাঁধন, আছে এক অবিস্মরণীয় অধ্যায়ের স্মৃতি।

সেই অধ্যায়ের নায়ক কাভানের যমজ দুই ভাই, রোনান আর ডেকলান সুলিভান। বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে তারা লিখেছিলেন এক রূপকথার মতো গল্প। বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারের সেই মুহূর্ত, যেখানে রোনানের সাহসী পানেনকা শট জালে জড়িয়ে এনে দিয়েছিল ইতিহাস গড়া এক শিরোপা—সেই দৃশ্য আজও অনেক বাংলাদেশি সমর্থকের চোখে ভাসে। ভাইদের সেই কীর্তি স্মরণ করে কাভানের কণ্ঠে ফুটে ওঠে নির্মল গর্ব—‘তারা যা করেছেন, এ নিয়ে পুরো পরিবার সত্যিকার অর্থে গর্বিত।’ ভবিষ্যতে ভাইদের ফের বাংলাদেশের মাটিতে ফেরার স্বপ্নও তিনি বুকে লালন করেন, চান তারা আরেকটি ট্রফি হাতে তুলুক।

শুধু পারিবারিক আবেগেই সীমাবদ্ধ নয় কাভানের বাংলাদেশ-প্রীতি। খোঁজ রাখেন এদেশের বয়সভিত্তিক ফুটবলেরও। জানেন, এ মুহূর্তে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল মাঠে লড়ছে এশিয়ার মঞ্চে, আর তাদের জন্য তার কণ্ঠে ঝরে পড়ে আন্তরিক শুভকামনা। বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততায় এবার দলের সঙ্গী হতে পারেননি রোনান-ডেকলান। কিন্তু অনুপস্থিতিও যে ভালোবাসাকে মলিন করতে পারে না, তার প্রমাণ মিলল কাভানের প্রতিটি শব্দে। পৃথিবীর অন্য প্রান্তে বসেও এক আমেরিকান পরিবারের হৃদয়ে যে বাংলাদেশ এভাবে জ্বলজ্বল করে, তা হয়তো ফুটবলের সবচেয়ে সুন্দর জয়গুলোর একটি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: