![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
ঢাকার ধানমন্ডিতে ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগে চারজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
রোববার(৩০ আগস্ট) দুপুর দেড়টায় ধানমন্ডি লেইক এলাকায় এ ঘটনা ঘটে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার বলেন, ওইদিন একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে তথ্য দেন, এক ব্যক্তি ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এরপর ভুক্তভোগী ছিনতাইকারীদের পিছু নেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে একজন ছিটকে রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা তাকে পিস্তলসহ আটক করেন।
খবর পেয়ে ধানমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তানভীর আবেদীন জুয়েল (৪১) নামে ওই ব্যক্তিকে আটক করে। পরে তাকে সঙ্গে নিয়ে ধানমন্ডি থানার আরও কয়েকটি দল এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে ওই চক্রের সঙ্গে জড়িত আরও তিনজনকে আটক করে বলে পুলিশ জানিয়েছে।
ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম সোমবার বেলা পৌনে ৩টায় গণমাধ্যমকে বলেন, “এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজন অস্ত্রসহ আটক আছে। তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। বিস্তারিত সন্ধ্যায় জানাতে পারব।”
গ্রেপ্তার অন্যরা হলেন—তানভীর, মজিবর, সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন জাকির।