![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। সংস্থাটির দাবি, এসব হামলায় জলপাই বাগান ও পাইন বনাঞ্চলে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়েছে।
এনএনের প্রতিবেদনে বলা হয়, সোমবার (০৩ আগস্ট) স্থানীয় সময় রাত ১টার দিকে নাবাতিয়েহ আল-ফাওকার উপকণ্ঠে ইসরায়েলি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ আশপাশের শহরগুলোতেও শোনা যায়।
এছাড়া ইয়ারুন, হারুন ও বিনত জবেইল এলাকায় ফসফরাস বোমা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়। এর ফলে ওইসব এলাকার জলপাই বাগান ও পাইন বনাঞ্চলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
পরে দিনের বেলায় নাকুরার কাছে ওয়াদি হামুল এলাকার দিকে ইসরায়েলি সেনারা মেশিনগান থেকে গুলি ছোড়ে বলেও জানায় সংস্থাটি।
এনএনের আরেক প্রতিবেদনে বলা হয়, নাবাতিয়েহ গভর্নরেটের ইয়ারুন, আরনুন এবং বিনত জবেইল শহরের জলপাই বাগান ও পাইন বনাঞ্চলে ফসফরাস বোমা ফেলা হয়েছে। এতে কৃষিজমি ও বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে।
এ ছাড়া নাবাতিয়েহর কাছে আলি আল-তাহের পাহাড়ে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়েছে। অন্যদিকে টাইর জেলার বাইত আল-সাইয়াদ শহরে একটি ইসরায়েলি ড্রোন স্টান গ্রেনেড নিক্ষেপ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এসব ঘটনার বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।