সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

২০২০ সালের মার্কিন নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের

ডেইলি সিলেট ডেস্ক ::

মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নকে বুড়ো আঙুল দেখিয়ে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন ডনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার ২৫ মিনিটের এক প্রাইম-টাইম ভাষণে ট্রাম্প এই দাবি করেন। সঙ্গে এ সংক্রান্ত কিছু ‘গোপন নথিও’ হাজির করেন।

রয়টার্স লিখেছে, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ভোটের নিরাপত্তা ঝুঁকিকে আলোচনার বিষয় বানানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট।

ভাষণে ট্রাম্প মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের ‘সেইভ আমেরিকা অ্যাক্ট’ নামের একটি নতুন নির্বাচনি বিল পাস করার জন্য চাপ দেন। ডেমোক্র্যাটদের তীব্র বিরোধিতার কারণে বিলটি বর্তমানে মার্কিন সেনেটে আটকে আছে।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোটার জালিয়াতির ঘটনা অত্যন্ত বিরল। তারপরও ওই বিলে ভোটারদের পরিচয়পত্র ও নাগরিকত্ব প্রমাণের বাধ্যবাধকতা রাখার কথা বলা হয়েছে।

ট্রাম্প তার ভাষণে দাবি করেন, যেসব নথি তিনি প্রকাশ করেছেন, তার মাধ্যমে মার্কিন নির্বাচনি ব্যবস্থার ‘ভয়াবহ দুর্বলতা’ সামনে আসবে।

তবে বিশ্লেষকরা বলছেন, এসব নথির অনেকগুলোই মার্কিন নির্বাচনি ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত নয়।

ইরান যুদ্ধ এবং জ্বালানির উচ্চ মূল্যের কারণে রাজনৈতিকভাবে কিছুটা চাপে আছেন ট্রাম্প। ভাষণের শুরুতে তিনি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় জয়ের দাবি করেন।

এরপর তিনি কর কাটছাঁট ও অভিবাসন কঠোর করার মত অভ্যন্তরীণ ‘সাফল্যগুলো’ তুলে ধরেন।

ট্রাম্প অভিযোগ করেন, চীন অবৈধভাবে ২২ কোটি মার্কিন ভোটারের নাম ও ঠিকানাসহ সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে।

মার্কিন গোয়েন্দারা ইচ্ছাকৃতভাবে এই তথ্য চেপে রেখেছিলেন বলেও তিনি অভিযোগ করেন।

তবে ২০২১ সালের একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২০ সালের নির্বাচনে কোনো বিদেশি শক্তি ভোটার নিবন্ধন বা ফলাফলে হস্তক্ষেপ করার প্রমাণ তদন্তে মেলেনি।

সেই প্রতিবেদনটি তৈরি হয়েছিল ট্রাম্পেরই তৎকালীন জাতীয় গোয়েন্দা পরিচালক জন র‍্যাটক্লিফের অধীনে, যিনি বর্তমানে সিআইএ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিষয়টি সম্পর্কে অবগত দুজন ব্যক্তি রয়টার্সকে বলেছেন, চীনের সংগৃহীত ভোটারের তথ্যগুলো আদতে গোপন ছিল না। এগুলো সাধারণ রাজনৈতিক পরামর্শকরা নিয়মিত কিনে থাকেন এবং এই তথ্য দিয়ে নির্বাচনী ফলাফল পাল্টানো সম্ভব নয়।

তবে ট্রাম্পের এমন কড়া বক্তব্যে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। আগামী সেপ্টেম্বরেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে।

ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ চ্যাং ওই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, “চীন কখনোই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও করবে না।”

রয়টার্স/ইপসোস-এর সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও এখনো ৬৩ শতাংশ রিপাবলিকান সমর্থক বিশ্বাস করেন যে ২০২০ সালের নির্বাচনে কারচুপি হয়েছিল।

ভাষণে ট্রাম্প আরও দাবি করেন, তার প্রশাসন মাত্র চারটি অঙ্গরাজ্যে ২ লাখ ৭৫ হাজারের বেশি মানুষের ভোটার হওয়ার প্রমাণ পেয়েছে, যারা যুক্তরাষ্ট্রের নাগরিকই নয়। তবে তাদের মধ্যে কতজন আসলে ভোট দিয়েছেন তা স্পষ্ট নয়।

রয়টার্স লিখেছে, ট্রাম্পের প্রকাশ করা নথিগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, সিআইএর একটি নথি যুক্তরাষ্ট্রের নয়, বরং ভেনেজুয়েলার নির্বাচন সম্পর্কিত। আরেকটি নথিতে বলা হয়েছে, নির্বাচনি ফলাফল বড় পরিসরে কারচুপি করা অত্যন্ত কঠিন।

সিআইএর তৃতীয় নথিতে বলা হয়েছে, চীনা গোয়েন্দারা বাইডেনের নির্বাচনী প্রচারকে লক্ষ্য বানালেও, তখন নির্বাচনে গোপনে হস্তক্ষেপ করে ফলাফল পাল্টে দেওয়ার কোনো উদ্দেশ্য বেইজিংয়ের ছিল না।

ট্রাম্পের এই ভাষণকে সম্পূর্ণ ‘ভুয়া’ বলে আখ্যা দিয়েছেন সেনেট ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্র্যাট সদস্য মার্ক ওয়ার্নার।

তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলো একমত যে চীন কোনো ভোট পরিবর্তনের চেষ্টা করেনি।

বর্তমানে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা খুবই সামান্য। বিরোধীদের কাছ থেকে পরিষদের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে ডেমোক্র্যাটদের মাত্র তিনটি আসন প্রয়োজন।

ফলে ট্রাম্পকে তার দলের নেতারা অতীতের নির্বাচন ছেড়ে বর্তমানের অর্থনৈতিক সংকটের দিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: